বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে খুনি পোস্টারে উত্তপ্ত কাকদ্বীপ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে বিতর্কিত পোস্টার ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন দেওয়ালে বিধায়ককে ‘খুনি’ এবং ‘বাঙালি বিরোধী’ আখ্যা দিয়ে পোস্টারগুলি দেখা যায়। সিসিটিভি ফুটেজে রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের এই কাজ করতে দেখা গেছে, যা নিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তৃণমূল কংগ্রেস এই ঘটনার নেপথ্যে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুললেও গেরুয়া শিবির তা অস্বীকার করেছে। বিজেপির দাবি, এটি শাসকদলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মন্টুরাম পাখিরা একে নিজেকে এবং দলকে কালিমালিপ্ত করার চক্রান্ত বলে অভিহিত করেছেন। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।