সাউথ ব্লকের আট দশকের অধ্যায় পেরিয়ে এবার সেবা তীর্থে প্রধানমন্ত্রীর নতুন দফতর – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : রাইসিনা হিলসের দীর্ঘ প্রশাসনিক ঐতিহ্যে বদল ঘটিয়ে সাউথ ব্লক থেকে স্থায়ীভাবে ‘সেবা তীর্থ’ কমপ্লেক্সে স্থানান্তরিত হলো প্রধানমন্ত্রীর দফতর। নয়াদিল্লিকে রাজধানী ঘোষণার ৯৫ বছর পূর্তিতে এই আধুনিক ও উচ্চ নিরাপত্তাবেষ্টিত নতুন কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একবিংশ শতাব্দীর প্রশাসনিক প্রয়োজনের কথা মাথায় রেখে নির্মিত এই ভবনে এখন থেকে পিএমও সহ ক্যাবিনেট এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হবে।
অন্যদিকে ঐতিহাসিক নর্থ ও সাউথ ব্লককে বিশ্বের বৃহত্তম মিউজিয়াম ‘যুগে যুগীন ভারত জাতীয় জাদুঘর’-এ রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ১.৫৫ লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সংগ্রহশালায় সিন্ধু সভ্যতা থেকে আধুনিক ভারতের পাঁচ হাজার বছরের ইতিহাস প্রদর্শিত হবে। ফ্রান্সের কারিগরি সহায়তায় নির্মিত এই প্রকল্পে প্রায় ৩০টি গ্যালারি থাকবে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এই বিশালাকায় জাদুঘরের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার।