বিদেশের মাটিতে হোটেল বুকিং বাতিল হওয়ায় চরম অপমানে রাস্তায় রাত কাটালেন পাক হকি খেলোয়াড়রা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বিদেশের মাটিতে ফের চরম অর্থকষ্টের মুখে পড়ল পাকিস্তানের জাতীয় হকি দল। অস্ট্রেলিয়ায় এফআইএইচ প্রো লিগ খেলতে গিয়ে হোটেলের বিল মেটানোর টাকা না থাকায় কয়েক ঘণ্টা রাস্তায় কাটাতে হলো খেলোয়াড়দের। পাকিস্তান হকি ফেডারেশন সময়মতো অর্থ পরিশোধ না করায় আগে থেকে করা বুকিং বাতিল করে দেয় হোটেল কর্তৃপক্ষ। এর ফলে ক্যানবেরায় পৌঁছে কার্যত ঘরহীন হয়ে পড়েন পাক অ্যাথলেটরা।
স্থানীয় পাকিস্তানি বাসিন্দাদের সহায়তায় শেষ পর্যন্ত থাকার ব্যবস্থা হলেও পরিস্থিতি ছিল অত্যন্ত শোচনীয়। পর্যাপ্ত ঘর না থাকায় একটি রুমেই গাদাগাদি করে থাকতে হয়েছে একাধিক খেলোয়াড়কে। এই মানসিক ও শারীরিক ধকলের ছাপ পড়েছে তাদের খেলাতেও, যেখানে আয়োজক দেশের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। এর আগেও আর্জেন্টিনায় একই ধরনের লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল এই দলের খেলোয়াড়দের।