মেসি ইভেন্টের ক্ষত মুছে আইএসএলের জন্য রাজকীয় সাজে ফিরল যুবভারতী – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মেসির সফরের বিশৃঙ্খলা কাটিয়ে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে ফের স্বমহিমায় ফিরছে যুবভারতী ক্রীড়াঙ্গন। ভাঙা গ্যালারি থেকে ক্ষতিগ্রস্ত টানেল—সবই এখন অতীত। রাজ্য সরকারের তৎপরতায় দ্রুত সংস্কার শেষে আন্তর্জাতিক মানের পরিকাঠামোয় সেজে উঠেছে স্টেডিয়াম। সবুজ ঘাস থেকে গ্যালারির বাকেট চেয়ার, মাঠের সর্বত্র এখন চূড়ান্ত পেশাদারিত্বের ছোঁয়া।
আইএসএলের এই মরশুমে বাংলার ফুটবল সমর্থকদের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে বিনামূল্যে মাঠ ব্যবহারের সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন কমিটির সবুজ সংকেত পাওয়ার পর পূর্ত দপ্তর ঝড়ের গতিতে মেরামতির কাজ শেষ করেছে। আজ বিকেলে কিকঅফের আগে যুবভারতী এখন পুরোপুরি প্রস্তুত, যেখানে দুমাস আগের সেই দুঃস্বপ্নের কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই।