সোনাদার সরিতার ইতিহাস গড়ার হাত ধরে নতুন মাইলফলকে টয় ট্রেন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ১৪৫ বছরের ইতিহাসে প্রথম মহিলা টিটিই হিসেবে নিযুক্ত হলেন সোনাদার কন্যা সরিতা ইওলমো। ১৯৯১ সালে রেলওয়ে প্রেসে কর্মজীবন শুরু করা সরিতা এর আগে স্টেশন ঘোষণা ও বাণিজ্যিক বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী হেরিটেজ ট্রেনে টিটিই হিসেবে রোমাঞ্চকর প্রথম সফর সম্পন্ন করে তিনি এক অনন্য নজির সৃষ্টি করলেন।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা এই উত্তরণকে বিকশিত চেতনার প্রমাণ হিসেবে দেখছেন। ট্রেনের দায়িত্ব নিয়ে সরিতা জানান, আগে অভিজ্ঞতা না থাকলেও সাহস সঞ্চয় করে তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। বর্তমানে এনজেপি-দার্জিলিং রুটে আট ঘণ্টার কঠিন পথ পাড়ি দেওয়া সরিতা এখন পাহাড়ের অন্যান্য নারীদের জন্য এক অনুপ্রেরণার নাম। রেলওয়ের এই ঐতিহাসিক পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষও।