ভোটার তালিকায় আনম্যাপড ভোটারদের অন্তর্ভুক্ত করতে রাজ্যে ঘুরছে রহস্যময় ভুয়ো ফর্ম – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের অন্তিমলগ্নে ‘আনম্যাপড’ ভোটারদের নাম নথিভুক্ত করা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে যে, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় বৈধ নথি ছাড়াই ভোটার তালিকায় নাম তোলার জন্য এক ধরণের অননুমোদিত ফর্ম বিলি করা হচ্ছে। রাজ্যে বর্তমানে প্রায় ৩২ লক্ষ এমন ভোটার রয়েছেন যাদের সঠিক পরিচয়পত্র বা লিঙ্কেজ নথি নেই, আর সেই সুযোগ নিয়েই এই চক্র সক্রিয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন যে নির্বাচন কমিশন এই ধরণের কোনও ফর্ম জারি করেনি। বিশেষত পঞ্চায়েতের দেওয়া ‘রক্তের সম্পর্কের শংসাপত্র’ বা পাঁচজন ভোটারের সাক্ষর সম্বলিত ফর্মগুলি সম্পূর্ণ অবৈধ। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে কমিশন সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের কাছ থেকে দ্রুত রিপোর্ট তলব করেছে। নির্দেশ দেওয়া হয়েছে যে কমিশনের নির্ধারিত ১৩টি নথি ছাড়া অন্য কোনও উপায়ে ভোটার তালিকায় নাম তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।