ভুল নথিতে ভোটার তালিকা ভরালে ব্যক্তিগতভাবে দায়ী হবেন জেলাশাসকরাই
February 14, 202610:45 am
ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে গাফিলতি রুখতে জেলা নির্বাচনী আধিকারিকদের ওপর চাপ বাড়াল নির্বাচন কমিশন। ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে জমা পড়া সমস্ত নথি ব্যক্তিগতভাবে যাচাই করার জন্য জেলাশাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সিস্টেমে কোনো বেআইনি বা অস্পষ্ট নথি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিককে সরাসরি দায়ী করা হবে বলে কমিশন সাফ জানিয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিশন স্পষ্ট করেছে যে সংবাদপত্র বা অযোগ্য ছবি দিয়ে ভোটার তালিকায় নাম তোলার ঘটনা বরদাস্ত করা হবে না। প্রতিটি সিদ্ধান্ত ডিজিটাল সিস্টেমে বহু বছর সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে কোনো বিদেশি নাগরিকের নাম তালিকায় পাওয়া গেলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রশাসনিক সতর্কতা জারি করা হয়েছে।