নবান্ন ও স্বাস্থ্য ভবনের নাম ভাঙিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার শিকার তারাপীঠের সেবাইত

তারাপীঠ সেবাইত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায় ডিজিটাল জালিয়াতির কবলে পড়ে প্রায় ১ লক্ষ ৪৬ হাজার টাকা খুইয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি নবান্ন ও স্বাস্থ্য ভবনের পরিচয় দিয়ে জনৈক প্রতারক তাঁকে ফোন করে রামপুরহাট মেডিকেল কলেজের জন্য ২৮টি ইলেকট্রিক স্কুটির টেন্ডার জমা দিতে বলে। টেন্ডার প্রক্রিয়ার অছিলায় ধাপে ধাপে তাঁর কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
প্রতারক ব্যক্তি বিশ্বাস অর্জনের জন্য রামপুরহাট মেডিকেল কলেজের নামে ১৪ লক্ষ টাকার একটি ভুয়ো চেকের ছবিও পাঠায়। টাকা হাতানোর পর ১১ ফেব্রুয়ারি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারাময় বাবু স্থানীয় প্রশাসন ও সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। সরকারি দপ্তরের নাম ব্যবহার করে এই ধরনের চক্র সক্রিয় হয়ে ওঠায় বর্তমানে রামপুরহাট ও সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে।