পরীক্ষার বদলে জুটল চরম অপমান আর রেলের টিকিট পরীক্ষকের হাতে হেনস্থার শিকার হয়ে প্রাণ হারালেন এক মেধাবী ছাত্রী

পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা জয়শ্রী সরকার দ্রুত পরীক্ষা দিতে যাওয়ার সময় টিকিট কাটতে ভুলে যান। বর্ধমান স্টেশনে নামার পর টিটিই তাকে দীর্ঘক্ষণ আটকে রাখেন বলে অভিযোগ। বারবার মিনতি করা সত্ত্বেও ওই ছাত্রীকে পরীক্ষা দিতে যেতে দেওয়া হয়নি, উল্টে চূড়ান্ত অপমান করা হয়। এমনকি জরিমানার সব টাকা কেড়ে নিয়ে ছাত্রীকে বাড়ি ফেরার জন্য ন্যূনতম অর্থটুকুও ফেরত দেননি সংশ্লিষ্ট রেলকর্মী।
পরীক্ষা দিতে না পারার যন্ত্রণা এবং স্টেশনে হওয়া অপমানে ভেঙে পড়ে ওই কলেজছাত্রী বাড়িতে এসে আত্মহননের পথ বেছে নেন। ঘটনার ভয়াবহতায় শোকের ছায়া নেমেছে রসুলপুর এলাকায়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। রেল কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিযুক্ত টিটিই-কে চিহ্নিত করার আশ্বাস দিয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।