বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়ে আলিপুরদুয়ারে শক্তি বাড়াল ছয়টি পরিবার
February 14, 202612:33 pm

শুক্রবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫০ নম্বর পার্টে তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই রাজনৈতিক সভায় বিজেপি ত্যাগ করে ছয়টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে শামিল হয়েছে। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলের জেলা ও ব্লক স্তরের শীর্ষ নেতৃত্ব তাঁদের সসম্মানে দলে স্বাগত জানান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় এবং ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস। এছাড়াও দেবজিৎ পাল, অনুপ দে, মানিক সেন ও প্রদীপ বর্মনসহ দলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব এই যোগদান পর্বে অংশ নেন। নির্বাচনের আগে স্থানীয় স্তরে বুথভিত্তিক শক্তি বৃদ্ধি এবং সাংগঠনিক ভিত মজবুত করাই এই নৈশ কর্মসূচির মূল লক্ষ্য ছিল বলে রাজনৈতিক মহলের ধারণা।