ব্যাট ছেড়ে এবার কি কলম হাতে ইতিহাস গড়বেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নায়ক বৈভব সূর্যবংশী

NEWS DESK : ক্রিকেট মাঠের বিধ্বংসী ফর্মুলা এবার বইয়ের পাতায় প্রয়োগ করতে চলেছেন ১৪ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী শতরান এবং টুর্নামেন্ট সেরার মুকুট জয়ের পর আপাতত ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। আগামী মঙ্গলবার থেকেই বিহারের সমস্তিপুরে শুরু হচ্ছে বৈভবের দশম শ্রেণির বোর্ড পরীক্ষা, যার প্রস্তুতিতে এখন দিনরাত বইয়ে ডুবে রয়েছেন এই তরুণ তুর্কি।
বিশ্বকাপের ব্যস্ততায় পড়াশোনায় কিছুটা ঘাটতি থাকলেও শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না বৈভব। স্কুল কর্তৃপক্ষের সাফ কথা, ২২ গজে তারকা হলেও পরীক্ষার হলে তিনি আর পাঁচজন সাধারণ ছাত্রের মতোই পরীক্ষা দেবেন। কোনও বাড়তি সুবিধা ছাড়াই সহপাঠীদের সঙ্গে একই নিয়মে বোর্ডের পরীক্ষায় বসছেন এই খুদে ওপেনার। আপাতত ক্রিকেট ভুলে বিহারের স্কুলের ডেস্কেই নিজের আগামী ইনিংস সাজাচ্ছেন বৈভব।