ভিন রাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এবার যুবভারতীর গ্যালারিতে গর্জে উঠলেন মোহনবাগান সমর্থকরা

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সবুজ-মেরুন গ্যালারিতে দেখা গেল এক অনন্য প্রতিবাদী রূপ। বাংলা বললেই ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ার মতো বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মেরিনার্সরা। রবীন্দ্রনাথ, নজরুল ও সত্যজিৎ রায়ের ছবি সংবলিত বিশালাকার টিফো প্রদর্শনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও ভারতের জাতীয়তায় বাঙালিদের অনস্বীকার্য অবদানের কথা মনে করিয়ে দেন তাঁরা।
স্টেডিয়ামের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশের সময় সমর্থকদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘ধর্ম সংকটে জাতীয়তা’ শীর্ষক কড়া বার্তা। খেলাধুলার আঙিনাকে ব্যবহার করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সমর্থকদের এই স্বতঃস্ফূর্ত অবস্থান ইতিমধ্যেই ক্রীড়ামহলে ব্যাপক সাড়া ফেলেছে। শিবদাস ভাদুড়ী থেকে নেতাজির আদর্শকে পাথেয় করে এই টিফো প্রদর্শনী আসলে বাঙালি অস্মিতার এক বলিষ্ঠ সংকেত হিসেবেই চিহ্নিত হচ্ছে।