এক ফোটা রক্তও বৃথা যাবে না! পুলওয়ামার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নির্মূল করার হুঙ্কার অমিত শাহের

এক ফোটা রক্তও বৃথা যাবে না! পুলওয়ামার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নির্মূল করার হুঙ্কার অমিত শাহের

২০১৯ সালের সেই কালো দিনটির কথা আজও ভোলেনি ভারত। পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু শ্রদ্ধা জ্ঞাপনই নয়, দিল্লির বুক থেকে চড়া সুরে কড়া বার্তাও দিলেন তিনি। শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদ হলো মানবতার প্রধান শত্রু এবং ভারত এই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।

দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনীর ত্যাগ ও বলিদান দেশ কোনোদিন ভুলবে না। আমরা তাদের কাছে চিরঋণী।” এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, শহীদদের দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠা প্রতিটি ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবে। তাঁদের সেই অদম্য সাহসই আজ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি জোগায়।

কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ— সকলেই এদিন একসুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। জয়শঙ্কর সাফ জানিয়েছেন, জওয়ানদের এই আত্মত্যাগ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতে, শহীদদের এই বলিদানই আমাদের সন্ত্রাসবাদ নির্মূল করার পথে প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায়।

উল্লেখ্য, সাত বছর আগের এই দিনে আত্মঘাতী জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। তারপর থেকে ভারত সন্ত্রাস দমনে যে কঠোর অবস্থান নিয়েছে, আজকের এই বার্তা তারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানও স্পষ্ট করেছেন, বর্তমান ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং কঠোর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *