মোদীর সঙ্গে কি একমঞ্চে দেখা যাবে শাহবাজকে তারেক রহমানের শপথে তুঙ্গে জল্পনা

বাংলাদেশে বিপুল জয়ের পর আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। এই মেগা অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে চলেছে বিএনপি নেতৃত্ব, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। বিএনপির বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করতেই এই উদ্যোগ। মোদী ইতিপূর্বেই তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, যা দু’দেশের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখছে কূটনৈতিক মহল।
শপথ অনুষ্ঠানে ভারত ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর সম্ভাবনা রয়েছে। দীর্ঘ এক দশক পর সার্ক দেশগুলোকে এক ছাতায় আনার এই প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ভারতের বিদেশমন্ত্রীর খালেদা জিয়ার শেষযাত্রায় উপস্থিতি এবং মোদীর উষ্ণ বার্তা বিএনপির সঙ্গে নয়াদিল্লির সখ্যতার নতুন পথ প্রশস্ত করেছে। ঢাকার বঙ্গভবনে মোদী ও শাহবাজ শরিফের সম্ভাব্য উপস্থিতি এখন আন্তর্জাতিক মহলে টক অফ দ্য টাউন।