ফেসবুকে পেনশন কার্ডের লোভনীয় বিজ্ঞাপনে ক্লিক করতেই গায়েব ১৫ লাখ টাকা
February 14, 20268:45 pm

ফেসবুকে পেনশন কার্ড পাওয়ার বিজ্ঞাপনে ক্লিক করে জীবনের সঞ্চয় হারালেন এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে প্রতারকরা তাকে একটি মিরর অ্যাপ ডাউনলোড করতে বাধ্য করে। এর মাধ্যমেই সার্ভে পার্ক এলাকার ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে দফায় দফায় মোট ১৪ লাখ ৭৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ডিজিটাল অ্যারেস্ট এবং ভুয়ো লিঙ্কের মাধ্যমে বয়স্ক ও অবসরপ্রাপ্তদের টার্গেট করছে সাইবার অপরাধীরা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচার চালানো সত্ত্বেও সাধারণ মানুষ প্রতিনিয়ত এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন।