মারধরের অভিযোগে ফের শ্রীঘরে বেলেঘাটার কুখ্যাত তৃণমূল নেতা রাজু নস্কর

NEWS DESK : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় পদক্ষেপ করল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। শনিবার ইএম বাইপাসের একটি আবাসনের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে বেলেঘাটার প্রভাবশালী তৃণমূল নেতা রাজু নস্করকে। এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও চোখ ফাটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
গত ২০২৩ সালেও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় নাম জড়িয়েছিল রাজু নস্করের। সেই সময় ওড়িশার গোপালপুর থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। বারবার অপরাধমূলক কাজে নাম জড়ানো এই নেতার পুনরুত্থান এবং ফের গ্রেফতারি নিয়ে বেলেঘাটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের মুখে এই গ্রেফতারি শাসক শিবিরের অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।