অবশেষে ঘরের মাঠে রাজা রাহুল ও কুম্বলে যুগের শুরু চিন্নাস্বামীতে

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ৫০ বছর পূর্তিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদের বিশেষ উদ্যোগে অবশেষে নিজেদের ঘরের মাঠে যথাযোগ্য সম্মান পেলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলে। তাঁদের পাশাপাশি ভারতীয় নারী ক্রিকেটের পথিকৃৎ শান্তা রঙ্গস্বামীর নামেও স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। এতদিন ক্রিকেট বিশ্বের মহারথী হওয়া সত্ত্বেও নিজ রাজ্যে এই সম্মান থেকে বঞ্চিত ছিলেন তাঁরা।
দীর্ঘ প্রতীক্ষার পর এই স্বীকৃতিতে আপ্লুত প্রাক্তন ক্রিকেটাররা। ইডেন বা ওয়াংখেড়ের মতো স্টেডিয়ামে উত্তরসূরিদের নামে স্ট্যান্ড থাকলেও, চিন্নাস্বামীতে দ্রাবিড়-কুম্বলের মতো মহাতারকারা এতদিন ‘স্ট্যান্ড বাই’ অবস্থাতেই ছিলেন। দ্রাবিড় এই আবেগী মুহূর্তে মাঠটিকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে আখ্যা দিয়েছেন। সতীর্থ প্রসাদের এই সময়োপযোগী পদক্ষেপটি ক্রিকেট মহলে দারুণ প্রশংসিত হয়েছে, যা কর্নাটক ক্রিকেটের গৌরবময় ইতিহাসের প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি হিসেবেই বিবেচিত হচ্ছে।