সকালের নাসতায় কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?- ১ঝলক

সকালের নাসতায় কোন পাউরুটি সত্যিই স্বাস্থ্যকর?- ১ঝলক

সকালের নাসতায় পাউরুটি অনেকেরই পছন্দের খাবার। দ্রুত তৈরি করা যায়, পেটও ভরে। তাই ব্রেড বাটার, অমলেট স্যান্ডউইচ বা টোস্ট বহু বাড়িতেই নিয়মিত নাস্তার অংশ। বাজারে এখন সাদা পাউরুটি, ব্রাউন ব্রেড, মিল্ক ব্রেড ও মাল্টিগ্রেইন ব্রেডসহ নানা ধরনের বিকল্প পাওয়া যায়।

তবে প্রশ্ন হলো—সব পাউরুটি কি স্বাস্থ্যকর? অনেকেই ওজন নিয়ন্ত্রণ বা সুস্থ থাকার জন্য সাদা পাউরুটির বদলে ব্রাউন বা মাল্টিগ্রেইন বেছে নেন। কিন্তু পুষ্টিবিদের মতে, শুধু নাম বা রঙ দেখে সিদ্ধান্ত নেওয়া ভুল হতে পারে। অনেক তথাকথিত ‘স্বাস্থ্যকর’ ব্রেডে এমন উপাদান থাকে, যা শরীরের জন্য ভালো নয়।

মাল্টিগ্রেইন পাউরুটি
‘মাল্টিগ্রেইন’ শুনলেই মনে হয় এতে বিভিন্ন ধরনের শস্য আছে। তবে সবসময় তা সত্য নয়। অনেক সময় মূল উপাদান হিসেবে থাকে পরিশোধিত ময়দা, আর শস্যের কিছু দানা বা ভিজ্যুয়াল উপকরণ যোগ করা হয় শুধু দেখানোর জন্য। কিছু পাউরুটিতে রং তৈরির জন্য ক্যারামেল বা গুড়জাতীয় চিনি ব্যবহার করা হয়। তাই কেনার আগে প্যাকেটের উপাদান তালিকা ভালোভাবে পড়া জরুরি।

সাদা পাউরুটি
সাদা পাউরুটি তৈরি হয় পরিশোধিত ময়দা দিয়ে। এতে ফাইবার ও অন্যান্য পুষ্টিগুণ প্রক্রিয়াজাতকরণের সময় প্রায় নষ্ট হয়ে যায়। খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলেন, সাদা পাউরুটি মূলত ‘খালি ক্যালোরি’—পেট ভরালেও শরীরকে বেশি পুষ্টি দেয় না।

সাওয়ারডো
যারা পাউরুটি পছন্দ করেন এবং স্বাস্থ্য নিয়েও সচেতন, তাদের জন্য সাওয়ারডো একটি ভালো বিকল্প। এটি প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়ায় তৈরি হয় এবং এতে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা অন্ত্রের জন্য উপকারী। সাওয়ারডো ধীরে হজম হয়, ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ে না। যাদের হজম সমস্যা, গ্যাস বা পেট ফোলা থাকে, তাদের জন্য এটি তুলনামূলকভাবে সহজপাচ্য।

অঙ্কুরিত শস্যের পাউরুটি
অঙ্কুরিত শস্যের পাউরুটি পুষ্টিগুণে ভরপুর। শস্য অঙ্কুরিত হলে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেড়ে যায় এবং শরীর সহজে তা শোষণ করতে পারে। এতে সাধারণ রুটির তুলনায় বেশি প্রোটিন ও ফাইবার থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান বা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের জন্য এটি বিশেষ উপযোগী।

পাউরুটি কেনার সময় লক্ষ্য রাখার বিষয়

-প্যাকেটে শতভাগ হোল গ্রেইন বা ১০০% হোল হুইট লেখা আছে কি না দেখুন। শুধু ব্রাউন বা মাল্টিগ্রেইন লেখা যথেষ্ট নয়।

-প্রতি স্লাইসে চিনি ২ গ্রামের কম থাকা উচিত। অনেক ব্রেডে অপ্রয়োজনীয় চিনি যোগ করা হয়।

-প্রতি স্লাইসে অন্তত ৩–৫ গ্রাম ফাইবার থাকা ভালো। ফাইবার হজম ঠিক রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।

সর্বোপরি, সব পাউরুটি সমান নয়। শুধু নাম বা রঙ দেখে নয়, উপাদান দেখে সঠিক পাউরুটি বাছাই করা বুদ্ধিমানের কাজ। সঠিক পাউরুটি বেছে নেওয়া ও স্বাস্থ্য সচেতন হওয়া আপনার ওজন, রক্তে শর্করা ও হজমের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ছোট সচেতনতা ভবিষ্যতে বড় স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করে।

সূত্র: আজতক বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *