নবান্নের পাঠানো তালিকা ফিরিয়ে দিল নির্বাচন কমিশন

রাজ্য সরকারের পাঠানো ৮,৫০৫ জন গ্রুপ ‘বি’ অফিসারের তালিকা আসাম্পূর্ণ আখ্যা দিয়ে নবান্নে ফেরত পাঠাল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই তালিকায় আধিকারিকদের পদমর্যাদা, গ্রেড বা নির্দিষ্ট দায়িত্বের কোনো সুস্পষ্ট উল্লেখ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে জমা দেওয়া এই তালিকায় তথ্যগত অসঙ্গতি থাকায় ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। প্রয়োজনে বিষয়টি পুনরায় আদালতের নজরে আনা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে নবান্ন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ২০২০ সালের অর্থ দপ্তরের নির্দিষ্ট নিয়ম মেনেই তালিকাটি তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের দাবি, গ্রুপ ‘বি’ অফিসারদের ডেটাবেস বিকৃতির অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। সঠিক বেতনস্তর বজায় রেখেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য ও কমিশনের এই টানাপড়েন নতুন করে আইনি জট তৈরির সম্ভাবনা উসকে দিয়েছে।