শিবরাত্রিতে কলকাতা সহ সারা রাজ্যে আবহাওয়া কেমন থাকবে? জানাল হাওয়া অফিস

শিবরাত্রিতে কলকাতা সহ সারা রাজ্যে আবহাওয়া কেমন থাকবে? জানাল হাওয়া অফিস

তিলোত্তমা কলকাতা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত। ভোরের দিকে সামান্য শিরশিরানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উধাও হচ্ছে ঠান্ডার আমেজ। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝপথেই শীতের ইনিংসে ইতি পড়তে চলেছে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও পারদ চড়তে শুরু করেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা আগামী কয়েক দিনে ১৯ ডিগ্রির ঘর ছুঁতে পারে। এমনকি সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস রয়েছে, ফলে দিনের বেলায় অনুভূত হবে গরম।

বৃষ্টি নাকি রোদেলা দিন

মহাশিবরাত্রির পুণ্যতিথিতে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল ছিল তুঙ্গে। তবে আলিপুর হাওয়া অফিস স্বস্তির খবর শুনিয়েছে। আজ কলকাতা-সহ গোটা রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধু আজ নয়, আগামী সাত দিন রাজ্যজুড়ে শুকনো আবহাওয়াই বজায় থাকবে। ফলে শিবরাত্রির উৎসবে বৃষ্টির বাধা আসার কোনও আশঙ্কা নেই।

কুয়াশা ও ঘূর্ণাবর্তের প্রভাব

কুয়াশার দাপটও সেভাবে দেখা যাবে না। হাওয়া অফিস জানিয়েছে, কেবল দার্জিলিং জেলায় রবি ও সোমবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বাকি জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস এখনও পর্যন্ত দেয়নি আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *