আপনার আধার কার্ড থেকে কি নাম ও ঠিকানা মুছে যাচ্ছে, বড় বদলের জেরে এবার কীভাবে কাজ চলবে

নিউজ ডেস্ক : আপনার আধার কার্ডে থাকা ব্যক্তিগত তথ্য কি অন্যের হাতে পড়ার ভয় পাচ্ছেন? সাধারণ মানুষের প্রাইভেসী বা গোপনীয়তা আরও মজবুত করতে আধার কার্ডের ডিজাইনে এক আমূল পরিবর্তনের পথে হাঁটছে ইউআইডিএআই (UIDAI)। শোনা যাচ্ছে, নতুন কার্ডে আপনার নাম, বাড়ির ঠিকানা বা জন্ম তারিখের মতো তথ্যগুলি সরাসরি লেখা থাকবে না। এর বদলে কার্ডের ওপর কেবল আপনার ছবি এবং একটি সুরক্ষিত কিউআর (QR) কোড দেখা যাবে, যা স্ক্যান করলেই কেবল প্রয়োজনীয় তথ্য যাচাই করা সম্ভব হবে।
এই পরিবর্তনের ফলে আধার কার্ড কোথাও হারিয়ে গেলে বা কেউ সেটির ছবি তুলে নিলেও আপনার ব্যক্তিগত তথ্য চুরির ভয় থাকবে না। ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার ‘নিউ আধার অ্যাপ’ ব্যবহারের ওপর জোর দিচ্ছে, যার মাধ্যমে স্মার্টফোনেই কিউআর কোড দেখিয়ে কাজ মেটানো যাবে। তবে পুরনো আধার কার্ড এখনই বাতিল হচ্ছে না, বরং নতুন এই ব্যবস্থা ধাপে ধাপে কার্যকর করা হবে। সাধারণ গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখাই এই ঐতিহাসিক পদক্ষেপের মূল লক্ষ্য।