কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে দাউদাউ আগুন, ভোরের চাঞ্চল্যকর ঘটনায় ছড়াল আতঙ্ক

কাটোয়া স্টেশনে সাতসকালে বড়সড় অগ্নিকাণ্ড। ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেনের একটি কামরায় আচমকাই আগুন লেগে যায়। রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
যাত্রীরা জানান, চোখের নিমেষেই ট্রেনের আস্ত একটি কামরা দাউদাউ করে জ্বলতে শুরু করে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের জন্য অপেক্ষায় থাকা অন্য যাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন এবং রেলের উদ্ধারকারী দল। দমকল কর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ভোরবেলা হওয়ায় এবং ট্রেনের কামরাটি ফাঁকা থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ট্রেনের কামরাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে রেল পুলিশ।