মাঝরাতে ব্যাঙ্ক বা রিকভারি এজেন্টের ফোনে অতিষ্ঠ? জারি হলো কড়া নিয়ম

বকেয়া ঋণ আদায়ের নামে রিকভারি এজেন্টদের দৌরাত্ম্য রুখতে এবার কোমর বেঁধে নামছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে সম্প্রতি ‘RBI সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ডিরেকশন ২০২৬’ নামক একটি নতুন খসড়া প্রস্তাব আনা হয়েছে।
এই নতুন নির্দেশিকা অনুযায়ী, লোন রিকভারি এজেন্টরা চাইলেই যখন-তখন গ্রাহকদের ফোন করতে পারবেন না। ঋণের টাকা আদায়ের জন্য যোগাযোগের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এখন থেকে কেবল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যেই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা যাবে। এর আগে বা পরে কোনোভাবেই ফোন বা অন্য কোনো উপায়ে বিরক্ত করা যাবে না।
সাধারণত দেখা যায়, কিস্তি মেটাতে দেরি হলে অনেক সময় গভীর রাতে বা খুব ভোরে এজেন্টদের ফোন আসে, যা গ্রাহকদের ব্যক্তিগত জীবনে চরম অস্বস্তি তৈরি করে। রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন প্রস্তাবনা কার্যকর হলে সেই বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।