ভারত বনাম পাকিস্তান মহারণে টিম ইন্ডিয়ায় বড় রদবদল! অভিষেক ও কুলদীপের এন্ট্রিতে বাদ পড়ছেন কারা

ভারত বনাম পাকিস্তান মহারণে টিম ইন্ডিয়ায় বড় রদবদল! অভিষেক ও কুলদীপের এন্ট্রিতে বাদ পড়ছেন কারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। তবে এই মেগা লড়াইয়ের আগে জয়ী কম্বিনেশন ভেঙে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন ভারতীয় দল। প্রথম দুই ম্যাচে জয় পেলেও আর. প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ এবং কন্ডিশন মাথায় রেখে প্রথম একাদশে অন্তত দুটি পরিবর্তনের সম্ভাবনা প্রবল।

ওপেনিংয়ে ফিরছেন অভিষেক শর্মা

ভারতীয় শিবিরের জন্য সবথেকে বড় স্বস্তির খবর হলো তরুণ ওপেনার অভিষেক শর্মার প্রত্যাবর্তন। পেটের সংক্রমণের কারণে নামিবিয়ার বিরুদ্ধে আগের ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। তবে গত ১৪ ফেব্রুয়ারি নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন তিনি এবং বর্তমানে সম্পূর্ণ ফিট। অভিষেক ফিরলে ওপেনিং জুটিতে ফের বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন দেখা যাবে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে সঞ্জু স্যামসনের, যাকে সম্ভবত পাকিস্তান ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসতে হবে।

স্পিন বনাম পেস রণকৌশল

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট প্রথাগতভাবেই স্পিন সহায়ক। এই সুবিধা কাজে লাগাতে চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে দলে ফেরানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। ভারত যদি কুলদীপকে নিয়ে তিন স্পিনার (অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর সাথে) নীতিতে এগোয়, তবে কপাল পুড়তে পারে বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়ের। পেস বোলিংয়ের দায়িত্ব তখন সামলাবেন জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া, প্রয়োজনে হাত ঘোরাবেন শিবম দুবেও।

পাকিস্তানের ‘পাঁচ স্পিনার’ স্ট্র্যাটেজি

পাল্টা চালে পাকিস্তানও চমক দিতে প্রস্তুত। অধিনায়ক সালমান আলী আঘা ইঙ্গিত দিয়েছেন যে তাঁরা পাঁচজন স্পিনার নিয়ে মাঠে নামতে পারেন। শাদাব খান, উসমান তারিক, আবরার আহমেদ ও মহম্মদ নওয়াজের পাশাপাশি সাইম আইয়ুবকেও বোলার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বিশেষ করে রহস্যময় স্পিনার উসমান তারিককে ভারতের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে দেখছে পাকিস্তান।

হাই-ভোল্টেজ উত্তাপ ও দুই অধিনায়কের মন্তব্য

ম্যাচের গুরুত্ব নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “রবিবার যখন মাঠে নামব, তখন পেটে একটা অদ্ভুত শিহরণ কাজ করবে ঠিকই, কিন্তু আমাদের ওপর কোনও বাড়তি চাপ নেই। এটা নিজেদের প্রমাণ করার একটা বড় সুযোগ।” অন্যদিকে, পাক অধিনায়ক সালমান আলী আঘার গলায় ঝরে পড়ল দায়িত্বের ভার। তিনি বলেন, “অধিনায়ক হিসেবে ২৫-২৬ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করাটা অনেক বড় দায়িত্ব। দেশের জন্য খেলার সময় কোনও চাপকেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ভারত: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ এবং কুলদীপ যাদব/আর্শদীপ সিং।

পাকিস্তান: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।

ম্যাচটি শুরু হওয়ার আগে দুই শিবিরেই এখন চূড়ান্ত রণকৌশল সাজানোর ব্যস্ততা। রবিবার ক্রিকেট বিশ্বের নজর থাকবে কলম্বোর এই মহারণের দিকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *