ওল্ড রেজ়িমকে টেক্কা দিচ্ছে নিউ রেজ়িম! স্ট্যান্ডার্ড ডিডাকশান ছাড়াও আয়করে দেদার ছাড় পাওয়ার এই গোপন উপায়গুলো জানেন কি

ওল্ড রেজ়িমকে টেক্কা দিচ্ছে নিউ রেজ়িম! স্ট্যান্ডার্ড ডিডাকশান ছাড়াও আয়করে দেদার ছাড় পাওয়ার এই গোপন উপায়গুলো জানেন কি

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ঘনিয়ে আসতেই অনেক করদাতার কপালে চিন্তার ভাঁজ। ওল্ড নাকি নিউ রেজ়িম— কোন পথে হাঁটলে পকেটে টান কম পড়বে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অধিকাংশ মানুষেরই ধারণা যে নিউ রেজ়িম বেছে নিলে স্ট্যান্ডার্ড ডিডাকশান ছাড়া আর কোনও বাড়তি সুবিধার সুযোগ নেই। কিন্তু আপনি কি জানেন, নতুন কর কাঠামোতেও এমন বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আপনি অনায়াসেই করছাড়ের সুবিধা নিতে পারেন?

আয়কর বিশেষজ্ঞদের মতে, ওল্ড রেজ়িমে ৮০সি বা ৮০ডি ধারায় যে ধরনের বিনিয়োগের সুযোগ থাকে, নিউ রেজ়িমে তা সরাসরি না মিললেও অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড়সড় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।

সংস্থার উপহারে করছাড়

উৎসবের মরশুমে বা বিশেষ কোনও কারণে আপনার অফিস থেকে যদি উপহার বা গিফট ভাউচার পান, তবে ১৫,০০০ টাকা পর্যন্ত মূল্যের সেই উপহারের ওপর আপনাকে কোনও আয়কর দিতে হবে না।

অফিসের খাবার ও টিফিনে সুবিধা

কাজের প্রয়োজনে অফিস থেকে বিনামূল্যে দেওয়া চা, স্ন্যাক্স বা খাবারের খরচও করছাড়ের আওতায় পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, বার্ষিক ২৬,৪০০ টাকা পর্যন্ত এই খাতে করছাড় পাওয়ার সম্ভাবনা থাকে।

চিকিৎসা সংক্রান্ত সহায়তা

গুরুতর অসুস্থতার ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা যদি চিকিৎসার খরচ বহন করে, তবে সেই টাকার ওপর কর দিতে হয় না। তবে শর্ত একটাই, চিকিৎসাটি অনুমোদিত হাসপাতালেই হতে হবে।

কম সুদে বা বিনাসুদে লোন

জরুরি প্রয়োজনে অফিস থেকে যদি বিনাসুদে বা বাজারদরের চেয়ে কম সুদে লোন নেওয়া হয়, তবে সেই আয়ের ওপর ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব।

অফিসের ল্যাপটপ বা কম্পিউটার

কাজের সুবিধার্থে অফিস থেকে যদি ল্যাপটপ বা কম্পিউটার দেওয়া হয়, তবে সেটিকে কর্মীর করযোগ্য আয় হিসেবে ধরা হয় না। ফলে এটিও এক ধরনের পরোক্ষ করছাড়।

উল্লেখ্য, ওল্ড রেজ়িমে এইচআরএ, হোম লোন বা এডুকেশন লোনের সুদে ছাড় পাওয়া গেলেও, নিউ রেজ়িমে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে (স্ট্যান্ডার্ড ডিডাকশান সহ) কোনও কর দিতে হয় না। আয়কর দপ্তরের সাম্প্রতিক খসড়া অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকেই নতুন নিয়মাবলি কার্যকর হতে পারে। তাই কর সাশ্রয় করতে এই বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *