ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই লঙ্কাকাণ্ডে আতঙ্ক, পাক ডাগআউটে বিশাল সাপ দেখে পালালেন বাবর আজমরা

ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই লঙ্কাকাণ্ডে আতঙ্ক, পাক ডাগআউটে বিশাল সাপ দেখে পালালেন বাবর আজমরা

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ মহারণের আগে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় এক ‘অনাহুত অতিথি’। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ম্যাচে মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে নেমেছিল পাকিস্তান দল। ঠিক সেই সময়ই পাক ডাগআউটে একটি বিশালকার সাপ ঢুকে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায় বাবর আজম ও শাহীন আফ্রিদিদের শিবিরে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানি ক্রিকেটারদের বসার জায়গাতেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে বিষধর সেই সাপ। স্থানীয়দের দাবি, কলম্বোয় বৃষ্টির মরসুমে মাঝে মাঝেই স্টেডিয়াম চত্বরে এমন সরীসৃপ দেখা যায়। তবে ম্যাচের ঠিক আগে খোদ ডাগআউটে সাপের উপস্থিতি পাক ক্রিকেটারদের মানসিক স্বস্তিতে বড়সড় ধাক্কা দিয়েছে। শেষ পর্যন্ত গ্রাউন্ড স্টাফরা অনেক কসরত করে প্লাস্টিকের ব্যাগে বন্দি করে সাপটিকে মাঠের বাইরে নিয়ে যান।

ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, বিধ্বংসী মেজাজে ফিরছেন অভিষেক

পাকিস্তানের শিবিরে যখন সাপের আতঙ্ক, ঠিক তখনই ভারতীয় শিবিরে বইছে স্বস্তির হাওয়া। টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর হলো, তারকা ব্যাটার অভিষেক শর্মা এখন পুরোপুরি ফিট। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নেটে নেমেই তান্ডব শুরু করেছেন তিনি। কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীদের মতো স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক শট খেলে অভিষেক বুঝিয়ে দিয়েছেন যে, পাকিস্তানের বোলিং লাইনআপ গুঁড়িয়ে দিতে তিনি তৈরি।

কলম্বোর আকাশ মেঘলা থাকায় ভারতীয় দলকে কিছুক্ষণ ইনডোর নেটে সময় কাটাতে হলেও ক্রিকেটারদের জেদ ও আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অভিষেকের ফেরায় ভারতের ব্যাটিং গভীরতা আরও বেড়েছে, যা শাহীন আফ্রিদি বা উসমান তারিকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। মাঠের বাইরের এই নাটকীয়তা শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে কার ওপর প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *