ভুল ডোমিসাইল সার্টিফিকেট দিলেই বাদ পড়বে নাম এবং কড়া শাস্তির মুখে পড়বেন ইস্যুকারী অফিসাররা

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনে নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে কমিশন স্পষ্ট জানিয়েছে যে, জেলাশাসক বা কালেক্টর পদমর্যাদার আধিকারিক ছাড়া অন্য কারও দেওয়া শংসাপত্র গ্রহণযোগ্য হবে না। নিয়মের তোয়াক্কা না করে এক্তিয়ার বহির্ভূতভাবে দেওয়া প্রায় ৯০ শতাংশ সার্টিফিকেটই এখন বাতিলের খাতায়।
যাচাই না করে যারা এই অবৈধ শংসাপত্র ইস্যু করেছেন, সেইসব সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সঠিক নথি ছাড়া আবেদনকারীদের নাম ভোটার তালিকা থেকে সরাসরি ছেঁটে ফেলা হচ্ছে। স্বচ্ছতা বজায় রাখতে পুলিশ ভেরিফিকেশন এবং উচ্চপদস্থ আধিকারিকদের অনুমোদিত স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে কমিশন। এর ফলে শয়ে শয়ে ভুয়া আবেদনকারীর নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে।