ভারতের সাথে কেমন হবে আগামীর সমীকরণ শেষমেশ জল্পনা কাটালেন তারেক রহমান

বাংলাদেশে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর বিএনপি ক্ষমতায় ফিরতেই প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, নতুন সরকারের বিদেশনীতি হবে সম্পূর্ণ ‘বাংলাদেশ-ফার্স্ট’ অর্থাৎ জাতীয় স্বার্থই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি স্বৈরাচারী শাসনমুক্ত দেশে অর্থনৈতিক পুনর্গঠন ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনাই এখন তাঁর মূল লক্ষ্য।
এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের দাবি ঘিরে দুই দেশের কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিশ্চিত করতে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আইনি পথে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছেন। তারেক রহমানও জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল এবং সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। ১৯ মাসের রাজনৈতিক শূন্যতা কাটিয়ে আগামী সপ্তাহে শপথ নিতে চলা নতুন সরকারের এই অবস্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।