মধ্যরাতে বেঙ্গালুরুতে ভয়াবহ রক্তস্নান! ডিভাইডারে ধাক্কা খেয়ে বাসের নিচে গাড়ি, পিষ্ট হয়ে মৃত ৫ বন্ধু

মধ্যরাতে বেঙ্গালুরুতে ভয়াবহ রক্তস্নান! ডিভাইডারে ধাক্কা খেয়ে বাসের নিচে গাড়ি, পিষ্ট হয়ে মৃত ৫ বন্ধু

বেঙ্গালুরু: উইকএন্ডের রাতে আনন্দভ্রমণ যে এভাবে শ্মশানের নিস্তব্ধতায় পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। বেঙ্গালুরুর হোসুর মেইন রোডে মাঝরাতের এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ যুবক। তীব্র গতিতে থাকা একটি সেডান গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে গিয়ে সরাসরি বিপরীত দিক থেকে আসা একটি বেসরকারি বাসের তলায় ঢুকে যায়।

পুলিশি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে গাড়িটি মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে লোহার স্তূপে পরিণত হয়। গাড়ির ভেতরে থাকা পাঁচজনই ঘটনাস্থলে প্রাণ হারান। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, পুলিশ ও উদ্ধারকারী দলকে হাইড্রোলিক কাটার ব্যবহার করে গাড়ি কেটে মৃতদেহগুলি উদ্ধার করতে হয়েছে।

মৃতরা সকলেই স্থানীয় একটি বেসরকারি সংস্থার কর্মী বলে জানা গেছে। শুক্রবারই হোসকোটে এক পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল, সেই শোক কাটতে না কাটতেই ফের এই মর্মান্তিক ঘটনা শহরবাসীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে মনে করছে বেঙ্গালুরু পুলিশ। শোকাতুর পরিবারগুলোকে ইতিপূর্বেই খবর দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *