মালদহে বিজেপির পার্টি অফিসে বিহারের নম্বরপ্লেট লাগানো বাইকের পাহাড়, তুঙ্গে রাজনৈতিক তরজা

মালদহে বিজেপির সদর দফতর শ্যামাপ্রসাদ ভবনে বিহারের নম্বরপ্লেট লাগানো সারি সারি বাইক ঢোকাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে জোরদার বাগযুদ্ধ।
তৃণমূল কংগ্রেসের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং ভোটে বিশৃঙ্খলা ছড়ানোর উদ্দেশ্যেই ভিন রাজ্য থেকে এই ‘বাইক বাহিনী’ আনা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী অভিযোগ করেছেন, বিহার থেকে লরি বোঝাই করে বাইক এনে বিজেপি আসলে ‘গুন্ডা বাহিনী’ নামানোর ছক কষছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ ও জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে শাসক দল।
পাল্টা জবাবে বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, বিহারের ভোট মিটে যাওয়ায় সেই বাইকগুলি এখন বাংলার নেতাদের প্রচারের সুবিধার্থে পাঠানো হয়েছে। তাঁর দাবি, মোট ১৪টি বাইক এসেছে এবং এটি সম্পূর্ণ নির্বাচনী প্রচারের কৌশল মাত্র। গত নির্বাচনেও একইভাবে বাইক আনা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। মালদহ ছাড়াও শিলিগুড়ি, বর্ধমান ও কলকাতাতেও একইভাবে বাইক পাঠানো হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর।