বিবাহ বিচ্ছেদের মামলায় ২৫ লক্ষের প্রতারণা, গ্রেফতার ভুয়ো উকিল

ভুয়ো আইনজীবী সেজে লক্ষ লক্ষ টাকার প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তি আদালতের রায় জাল করে পার্টির কাছ থেকে ধাপে ধাপে ২৫ লক্ষ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ। ভুয়ো আইনজীবী সেজে ২৫ লক্ষ টাকার প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নদিয়ার চাকদহ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সৌমিক দাস।
চাকদহ এক নম্বর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা অসীম পাল চাকদহ থানায় অভিযোগ জানান, ধৃত ব্যক্তি আদালতের রায় জাল করে অসীম পালের কাছ থেকে ধাপে ধাপে ২৫ লক্ষ টাকা আত্মসাত করেছে। অসীমবাবু চাকদাহ থানায় লিখিত অভিযোগে জানান, তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনায় খোরপোষ মামলা থেকে চিরতরে মুক্তি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার। এমনকি একাধিক কোর্টের জাল রায় তাঁর হাতে তুলে দেন ওই ব্যক্তি।
অপরদিকে অসীমবাবুর পরিবারকে জেল খাটানোর হুমকি পর্যন্ত দিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাত করেছে অভিযুক্ত সৌমিক দাস। শুধু তাই নয় পরবর্তীতে মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা বলে ফের টাকা চাওয়ার কথা জানানো হয় অসীম বাবুকে। তখনই সন্দেহ হওয়াতে এলাকায় গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন অভিযুক্ত সৌমিক দাস কোনরকম ভাবেই বৈধ উকিল নন। এরপরেই চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অসীম বাবু। অভিযোগের পরিপ্রেক্ষিতে চাকদহ থানার পুলিশ অভিযুক্তকে হাওড়ার সাঁকরাইলে তার নিজস্ব বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর তাঁকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে পাঠানো হয় আদালতে।
কল্যাণী আদালতের মহামান্য বিচারপতি অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজত দেন। পুলিশি হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তাঁর সমস্ত দোষ স্বীকার করে নেন। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে চাকদহ থানার পুলিশ একাধিক সরকারি নথি এবং তার সঙ্গে সঙ্গে একাধিক জাল রায়দানের কাগজ বাজেয়াপ্ত করেছে।