পুর বাজেটে শিক্ষায় বড়সড় কোপ, স্কুল থেকে পড়ুয়া কমলেও দায় ঝাড়লেন মেয়র পারিষদ

NEWS DESK : কলকাতা পুরসভার আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। বর্তমান পুরবোর্ডের পাঁচ বছরের মেয়াদে এটিই শেষ পূর্ণাঙ্গ বাজেট হলেও শিক্ষাখাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্তে বিতর্ক দানা বেঁধেছে। বাজেটে দেখা যাচ্ছে, শিক্ষা বিভাগে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা শহরের প্রান্তিক শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। চলতি আর্থিক বছরে প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ থাকলেও বোর্ড খরচ করতে পেরেছে মাত্র ৪৪.৬৮ কোটি টাকা। আগামী অর্থবর্ষে এই বরাদ্দের অঙ্ক আরও ৩৬ লক্ষ টাকা কমিয়ে দেওয়া হয়েছে।
বাজেট প্রস্তাবনার পরিসংখ্যানে আরও উদ্বেগের বিষয় হলো স্কুল ও পড়ুয়া সংখ্যা হ্রাস। বর্তমান বোর্ডের শুরুতে পুরসভার অধীনে ২৬৩টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২১৭টিতে। একইভাবে পড়ুয়া সংখ্যাও প্রায় ২৭ হাজার থেকে এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে মাত্র ১৩ হাজারে। শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য এই পুর স্কুলগুলিই ছিল প্রধান ভরসা। এই বিপুল সংখ্যক পড়ুয়া কমে যাওয়া এবং স্কুল বন্ধ হওয়া নিয়ে বিরোধীরা প্রশাসনের সদিচ্ছা নিয়ে কড়া সমালোচনা শুরু করেছেন।
শিক্ষা খাতে এই নেতিবাচক পরিস্থিতির বিপরীতে সাফাই দিয়েছেন মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা। তাঁর দাবি, ‘বাংলা শিক্ষা পোর্টাল’-এ নাম নথিভুক্তকরণের কড়াকড়ির কারণেই পড়ুয়া সংখ্যায় এই পরিবর্তন দেখা যাচ্ছে। একজন ছাত্র একাধিক স্কুলে নাম রাখতে পারছে না বলেই সংখ্যাটি কমেছে বলে তাঁর মত। এছাড়া প্রি-প্রাইমারি স্তরের পড়ুয়ারা পোর্টালে নথিভুক্ত না থাকায় পরিসংখ্যানে প্রতিফলিত হচ্ছে না। স্মার্ট ক্লাস ও পরিকাঠামো উন্নয়নের কাজ চললেও পর্যাপ্ত শিক্ষকের অভাব মেটানো গেলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।