৫৮ বছর পর বিচ্ছেদের আরজি খারিজ, রাজস্থান হাইকোর্টের বড় বার্তা

৫৮ বছর পর বিচ্ছেদের আরজি খারিজ, রাজস্থান হাইকোর্টের বড় বার্তা

NEWS DESK : দীর্ঘ ৫৮ বছরের দাম্পত্যের পর সামান্য মতপার্থক্যকে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দিল রাজস্থান হাইকোর্ট। ১৯৬৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এক বৃদ্ধ দম্পতির করা এই মামলাটি নিয়ে বিচারপতিরা স্পষ্ট জানান যে, পারিবারিক ছোটখাটো বিবাদ বা সম্পত্তির ভাগাভাগি বিচ্ছেদের জোরালো কারণ হতে পারে না। আদালত পর্যবেক্ষণ করেছে যে, এই বয়সে এসে বিচ্ছেদ মঞ্জুর করলে কেবল সংশ্লিষ্ট পক্ষ নয়, বরং গোটা পরিবারের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হতে পারে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সাল পর্যন্ত ওই দম্পতির সম্পর্কে কোনো বড় ফাটল ছিল না। তবে ২০১৪ সাল থেকে স্বামীর অভিযোগ, স্ত্রী তাঁর বিরুদ্ধে পণের জন্য হেনস্তার মিথ্যা মামলা দিয়েছেন এবং দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করা নিয়ে বিরোধ তৈরি হয়েছে। অন্যদিকে, বৃদ্ধা স্ত্রীর দাবি ছিল যে তাঁর স্বামী পারিবারিক সম্পত্তি নষ্ট করছেন এবং ছোট ভাইয়ের প্ররোচনায় এই বিচ্ছেদের মামলা করেছেন। এমনকি স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও আনেন তিনি।

ভরতপুরের পারিবারিক আদালত আগেই স্বামীর আবেদন নাকচ করেছিল, যা পরবর্তীতে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়। রাজস্থান হাইকোর্ট পারিবারিক আদালতের সেই রায়ই বহাল রাখে। আদালত জানায়, দম্পতির মধ্যে সম্পত্তি নিয়ে কলহ তৈরি হওয়া অস্বাভাবিক নয়, তবে সেই অজুহাতে কয়েক দশকের দীর্ঘ সংসার ভেঙে দেওয়া যায় না। বিচ্ছেদ হলে পরিবারের ওপর যে মানসিক ও সামাজিক প্রভাব পড়বে, তা বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *