বিমানে জোরে গান বাজালে কড়া শাস্তির মুখে পড়বেন যাত্রীরা

বিমানে জোরে গান বাজালে কড়া শাস্তির মুখে পড়বেন যাত্রীরা

NEWS DESK : মাঝ আকাশে বিমানে বসে তারস্বরে গান বাজানো বা হেডফোন ছাড়া ভিডিও দেখা এখন আর কেবল অভদ্রতা নয়, বরং বড়সড় আইনি বিপদের কারণ হতে পারে। সহযাত্রীদের শান্তিতে বিঘ্ন ঘটালে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহল স্পষ্ট জানিয়েছেন, বিমানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অভব্য আচরণ বরদাস্ত করা হবে না।

তামিলনাড়ুর নামাক্কালের সাংসদ মাথেশ্বরণের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিমানে উচ্চস্বরে শব্দ করা নিয়ে পৃথক আইন না থাকলেও ১৯৩৭ সালের ডিজিসিএ বিধিমালা অনুযায়ী বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কোনো যাত্রী যদি অন্যদের বিরক্তির কারণ হন, তবে বিমান সংস্থা তাঁকে বিমানে নিতে অস্বীকার করতে পারে। এমনকি মাঝপথে বিমান থেকে নামিয়ে দেওয়া বা মোটা অঙ্কের জরিমানা করার বিধানও রয়েছে।

মূলত বিমানে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই কড়া অবস্থান নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে হেডফোন ছাড়া মোবাইলে গান শোনা বা ভিডিও দেখা নিয়ে যাত্রীদের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করে। এখন থেকে এই ধরনের আচরণকে ‘অশোভন’ হিসেবে গণ্য করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ফলে আকাশপথে ভ্রমণের সময় সহযাত্রীদের ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধাশীল থাকা বাধ্যতামূলক হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *