ভোটের মুখে কমিশনের নজিরবিহীন পদক্ষেপ, বিপাকে সাত আধিকারিক

ভোটের মুখে কমিশনের নজিরবিহীন পদক্ষেপ, বিপাকে সাত আধিকারিক

NEWS DESK : নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গ প্রশাসনে। কর্তব্যে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজ্যের আরও সাতজন উচ্চপদস্থ আধিকারিককে (এআইআরও) তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। রবিবার রাতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে এই কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের এই শাস্তিমূলক তালিকায় রয়েছেন মুর্শিদাবাদ জেলার তিনজন, দক্ষিণ ২৪ পরগনার দুজন এবং পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়ির একজন করে আধিকারিক। নির্দিষ্টভাবে ১৩৯-ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের যুগ্ম বিডিও সত্যজিৎ দাস এবং এফইও জয়দীপ কুণ্ডুর বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও আইনি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছেন ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, সমশেরগঞ্জের শেফাউর রহমান, ফরাক্কার নীতীশ দাস, সুতির শেখ মুর্শিদ আলম এবং ডেবরার দেবাশিস বিশ্বাস।

একই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) পৃথক চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের ৯ ফেব্রুয়ারির নির্দেশিকা অনুসরণের কড়া বার্তা দিয়েছে কমিশন। নির্দেশ অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকার নাম সংশোধনী সংক্রান্ত (ফর্ম ৭) সমস্ত অমীমাংসিত আপত্তি ও দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে। এর আগে গত বছরও রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর ও সাসপেনশনের নির্দেশ দিয়েছিল কমিশন, যা প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *