২০২৬ জয়ের লক্ষ্যে বিজেপির মেগা রথযাত্রা ও ব্রিগেড সমাবেশের মহাপ্রস্তুতি

২০২৬ জয়ের লক্ষ্যে বিজেপির মেগা রথযাত্রা ও ব্রিগেড সমাবেশের মহাপ্রস্তুতি

NEWS DESK :পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নামছে ভারতীয় জনতা পার্টি। দক্ষিণবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে গেরুয়া শিবির ১৫০টি বিধানসভা কেন্দ্র জুড়ে এক বিশাল রথযাত্রার পরিকল্পনা করেছে। বিশেষ করে ২০১৯, ২০২১ এবং ২০২৪ সালের নির্বাচনে দল যেখানে ভালো ফল করেছিল, সেই এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলাকে নজরে রেখে জনসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে শাসক শিবিরের ভিত কাঁপাতে মরিয়া বিজেপি।

নির্বাচনী প্রচারের পারদ চড়াতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভার প্রস্তুতি শুরু হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফেব্রুয়ারির শেষ দিকে রাজ্য সফরে এসে সাংগঠনিক বৈঠক করবেন বলে দলীয় সূত্রে খবর। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সমানভাবে প্রচার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে পদ্ম শিবির।

তৃণমূলের মোকাবিলায় বিজেপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়াও ত্বরান্বিত করেছে। রাজ্যের ২৯৪টি আসনের প্রতিটির জন্য তিনজন সম্ভাব্য প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে চলতি মাসেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। প্রার্থীদের প্রচারের জন্য পর্যাপ্ত সময় দিতে আগামী মার্চ মাসের মধ্যেই ধাপে ধাপে নাম ঘোষণা শুরু হতে পারে। ২০২১ সালে ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হওয়া বিজেপি এবার পূর্ণ শক্তিতে বাংলা দখলের লক্ষ্য স্থির করেছে।

বিজেপির এই ঝোড়ো প্রচারের পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়ার কাজ শুরু করেছে। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্য়েই এই প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। একদিকে বিজেপির রথযাত্রা ও ব্রিগেড সমাবেশের শক্তি প্রদর্শন, অন্যদিকে তৃণমূলের সামাজিক কল্যাণমূলক প্রকল্পের লড়াই—সব মিলিয়ে ভোটের অনেক আগেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক ময়দান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *