বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সামনে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান

NEWS DESK : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে দাপটের সাথে সুপার-এইট নিশ্চিত করল ভারত। কলম্বোয় আয়োজিত এই হাইভোল্টেজ ম্যাচে ঈশান কিষানের বিধ্বংসী ৭৭ রানের ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে পড়ে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় সলমান আলি আগার দল। বড় ব্যবধানে এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে পাকিস্তানের টিকে থাকার লড়াই এখন খাদের কিনারায়।
ম্যাচ শেষে পরাজয়ের দায় স্বীকার করে পাক অধিনায়ক সলমান আলি আগা জানান, পাওয়ার প্লে-তে দ্রুত উইকেট হারানোই তাদের হারের প্রধান কারণ। তার মতে, গত ছয় মাস ধরে ভারত দুর্দান্ত ছন্দে থাকলেও পাকিস্তান গুরুত্বপূর্ণ সময়ে আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এছাড়া বোলারদের প্রত্যাশিত পারফরম্যান্স না থাকা এবং পিচের আচরণ বুঝতে ভুল করাকেও হারের নেপথ্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
পরিসংখ্যান বলছে, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম পরাজয়। এর আগে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮৪ রানে হেরেছিল তারা। রবিবারের এই ম্যাচে ভারতের হয়ে ঈশান কিষান ৪০ বলে ৭৭ রানের লড়াকু ইনিংস খেলেন এবং সূর্যকুমার যাদব করেন ৩২ রান। অন্যদিকে, ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ১৮ ওভারের মধ্যেই অলআউট হয়ে মুখ পুড়ল পাক শিবিরের। আপাতত দুই দিন পরের ম্যাচ জিতেই ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান।