পাকিস্তান ম্যাচের নায়ক ঈশান কিষাণ, এবার জীবনের নতুন ইনিংসে

পাকিস্তান ম্যাচের নায়ক ঈশান কিষাণ, এবার জীবনের নতুন ইনিংসে

NEWS DESK : মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর রেশ এখনও কাটেনি। ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক এখন খবরের শিরোনামে। তবে এবার শুধু ক্রিকেট নয়, ব্যক্তিগত জীবনের এক বড় খবরের কারণে আলোচনায় রয়েছেন তারকা ওপেনার ঈশান কিষাণ। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই মারকুটে ব্যাটার। দীর্ঘদিনের বান্ধবী ও মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

ঈশানের এই সম্পর্কের বিষয়ে সিলমোহর দিয়েছেন খোদ তাঁর দাদু অনুরাগ পাণ্ডে। বিহারের ঔরঙ্গাবাদে এক সাক্ষাৎকারে তিনি জানান, নাতির পছন্দই পরিবারের পছন্দ। অদিতি তাঁদের পরিবারের দীর্ঘদিনের পরিচিত এবং তাঁদের বিয়েতে পরিবারের পূর্ণ সম্মতি রয়েছে। রাজস্থানের জয়পুরের বাসিন্দা অদিতি ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখ। ২০১৮ সালে ‘মিস ডিভা’ খেতাব জয়ী অদিতি মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্টও ছিলেন। ২০১৯ সালের আইপিএল চলাকালীন গ্যালারিতে ঈশানকে সমর্থন করতে দেখা যাওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।

ক্রিকেট ক্যারিয়ারে গত দেড় বছর ঈশানের জন্য বেশ চড়াই-উতরাইয়ের ছিল। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি হারানো থেকে দল থেকে বাদ পড়া— সব প্রতিকূলতা পেরিয়ে টি-২০ বিশ্বকাপে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়া ঈশানের লড়াই এখন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। বিশ্বকাপের এই সাফল্যের আবহে বিয়ের গুঞ্জন তাঁর ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। যদিও বিয়ের তারিখ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সব ঠিক থাকলে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা ক্রিকেটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *