ইস্ত্রি গরম করে দুধ চা বানালেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

NEWS DESK : বাড়িতে চা তৈরির সরঞ্জাম বা উনুন নেই, তাতে কী! অগত্যা মাথা খাটিয়ে অভিনব এক কায়দায় চা বানিয়ে তাক লাগিয়ে দিলেন এক যুবক। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, রান্নার কোনো ব্যবস্থা না থাকায় একটি গরম ইস্ত্রির ওপর স্টিলের বাটি বসিয়ে তাতে দুধ, চিনি ও চা-পাতা দিয়ে দিব্যি ধোঁয়া ওঠা দুধ চা তৈরি করছেন তিনি। ‘ম্যাক্সিমাম_মন্থন’ নামক একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যুবকের এই ‘জুগাড়’ পদ্ধতি দেখে কেউ যেমন হেসেই কূল পাচ্ছেন না, তেমনই অনেকে আবার এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুবকটি অত্যন্ত নিপুণভাবে ইস্ত্রির তাপকে কাজে লাগিয়ে চা ফুটিয়ে নিচ্ছেন। তবে সমালোচকদের দাবি, সস্তা জনপ্রিয়তা পেতেই এই ভিডিওটি বানানো হয়েছে এবং এটি সম্পাদনার কারসাজিও হতে পারে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, ইস্ত্রির ওপর সরাসরি বাটি বসিয়ে চা তৈরি করা কতটা বাস্তবসম্মত? এক নেটাগরিক মন্তব্য করেছেন যে, ভিডিওটি বারবার কাট করা হয়েছে এবং ইস্ত্রির তাপে চা হওয়ার বদলে পাত্রটি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। আবার কেউ রসিকতা করে লিখেছেন, বাড়িতে সরঞ্জাম না থাকলে বাইরে গিয়ে চা খেয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ ছিল। ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব না হলেও, যুবকের এই কাণ্ড বর্তমানে নেটপাড়ার অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
https://t.co/qu7uIWAjgl pic.twitter.com/Z19KpP7swF
— Anonymous_girl (@srutimisra_789) February 1, 2026