শপথের আগেই দিল্লিতে বাংলাদেশি কূটনীতিককে সরালেন ইউনূস

শপথের আগেই দিল্লিতে বাংলাদেশি কূটনীতিককে সরালেন ইউনূস

NEWS DESK : দিল্লি হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর, আগামী ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। ঠিক তার পূর্বমুহূর্তে জনস্বার্থের দোহাই দিয়ে কেন হঠাৎ এই গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হলো, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের চুক্তিতে নিযুক্ত হওয়া ফয়সালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের নভেম্বরে। অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় সাড়ে নয় মাস আগেই তাঁর চুক্তি বাতিল করল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন। জনপ্রশাসন মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে এই আদেশের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা না হলেও জানানো হয়েছে যে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এদিকে, নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিএনপি। জোটের শরিকদের নিয়ে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে। নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯.৪৪ শতাংশ।

তারেক রহমানের ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওম বিড়লার এই উপস্থিতি ঢাকার সঙ্গে দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব এবং দুই প্রতিবেশী রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন। এই কূটনৈতিক আবহের মধ্যেই দিল্লি মিশনের পদক্ষেপে নতুন সমীকরণ খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *