কে এই ব্যক্তি? পাকিস্তানি সেনাপ্রধানকে গেটেই আটকে দিল নিরাপত্তারক্ষী

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে চরম অস্বস্তিতে পড়লেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। আন্তর্জাতিক এই হাই-প্রোফাইল সম্মেলনে যোগ দিতে গিয়ে খোদ নিরাপত্তারক্ষীর হাতেই বাধা পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সভাকক্ষে প্রবেশের সময় একজন নারী নিরাপত্তারক্ষী তাকে থামিয়ে সটান পরিচয়পত্র দেখতে চান।
পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধানকে চিনতে না পেরে সাধারণ অতিথির মতো আটকে দেয়ায় তৈরি হয়েছে বিতর্ক। আসিম মুনিরের সাথে থাকা অন্য কর্মকর্তারা পরিচয় নিশ্চিত করার পর তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হয়। এই ঘটনাকে প্রোটোকল লঙ্ঘন হিসেবে দেখছে পাকিস্তান। অন্যদিকে, দেশটির সাবেক সামরিক কর্মকর্তা আদিল রাজা কটাক্ষ করে জানিয়েছেন, আন্তর্জাতিক মহলে আসিম মুনিরের পরিচিতি এতটাই কম যে একজন গেটকিপারও তাকে চিনতে পারেননি। এই ঘটনাটি বর্তমানে নেটদুনিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।