এলিয়েন কি সত্যিই আছে? ওবামার মন্তব্যে তোলপাড় বিশ্ব

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এলিয়েন এবং ইউএফও (UFO) নিয়ে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ইউটিউবার ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা স্পষ্ট জানান, ভিনগ্রহের প্রাণীরা ‘বাস্তব’, তবে তা প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বের মতো নয়।
সাক্ষাৎকারে ওবামাকে সরাসরি এলিয়েনদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তারা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি।” ওবামার এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এরিয়া ৫১ নিয়ে ওবামার বড় তথ্য
নেভাদার রহস্যময় ‘এরিয়া ৫১’ ঘাঁটিতে এলিয়েনদের দেহ বা মহাকাশযান লুকিয়ে রাখার দীর্ঘদিনের দাবি ওবামা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “এরিয়া ৫১-এ এমন কোনো ভূগর্ভস্থ গোপন ব্যবস্থা নেই যেখানে এলিয়েন রাখা হয়েছে।” ওবামার মতে, একজন প্রেসিডেন্টের কাছ থেকে এত বড় গোপন তথ্য লুকিয়ে রাখা প্রায় আসাম্ভব।
মহাবিশ্ব বিশাল, সম্ভাবনাও অনেক
পরবর্তীতে ইনস্টাগ্রামে ওবামা বিষয়টি আরও ব্যাখ্যা করেন। তিনি জানান, গাণিতিক হিসেবে মহাবিশ্বের বিশালতার কারণে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল। তবে এক সৌরজগত থেকে অন্য সৌরজগতের বিশাল দূরত্বের কারণে এলিয়েনদের পৃথিবীতে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
সাবেক এই প্রেসিডেন্ট জানান, তার ক্ষমতায় থাকাকালীন ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আসার বা যোগাযোগের কোনো অকাট্য প্রমাণ তিনি পাননি।
অজানাকে স্বীকার
২০২১ সালে এক টেলিভিশন সাক্ষাৎকারে ওবামা প্রথমবার স্বীকার করেছিলেন যে, মার্কিন আকাশসীমায় এমন কিছু বস্তুর ফুটেজ রয়েছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে নেই। বর্তমানে মার্কিন প্রশাসন এই অমীমাংসিত বস্তুগুলোকে ‘ইউএফও’র পরিবর্তে ‘ইউএপি’ (Unidentified Aerial Phenomena) হিসেবে অভিহিত করে। পেন্টাগন থেকে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, রহস্যময় এই বস্তুগুলো বাতাসের প্রতিকূলে অবিশ্বাস্য গতিতে উড়তে সক্ষম।