পাকিস্তান বধের পর মাঠেই কুলদীপকে চরম ধমক হার্দিক ও সূর্যের

পাকিস্তান বধের পর মাঠেই কুলদীপকে চরম ধমক হার্দিক ও সূর্যের

NEWS DESK : ভারত বনাম পাকিস্তান ম্যাচে সহজ জয় পেলেও মাঠের শৃঙ্খলা ও ফিল্ডিং নিয়ে বিন্দুমাত্র আপস করতে রাজি নন টিম ইন্ডিয়ার সিনিয়ররা। পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ের পর উৎসবের বদলে মাঠেই কুলদীপ যাদবকে কড়া ভাষায় শাসন করতে দেখা গেল হার্দিক পাণ্ড্য এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে। ফিল্ডিংয়ে গাফিলতি এবং সহজ ক্যাচ ফস্কানোর কারণেই সতীর্থের ওপর মেজাজ হারান তাঁরা।

ঘটনার সূত্রপাত পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভারে। হার্দিক পাণ্ড্যর বলে পরপর দু’বার ক্যাচ ফস্কানোর সুযোগ তৈরি হয়। প্রথমে উইকেটরক্ষক ঈশান কিষাণ এবং ঠিক পরের বলেই লং অনে সহজ ক্যাচ ছেড়ে দেন কুলদীপ যাদব। ক্যাচ ধরা তো দূর অস্ত, কুলদীপের হাত ফসকে বল বাউন্ডারির বাইরে চলে যাওয়ায় পাকিস্তান অতিরিক্ত ছয় রান পেয়ে যায়। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন অপেশাদার ফিল্ডিং দেখে মেজাজ হারান বোলার হার্দিক।

ম্যাচ শেষ হওয়ার পর যখন ক্রিকেটাররা শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন দেখা যায় হার্দিক বেশ উত্তেজিতভাবে কুলদীপের হাত ধরে তাঁকে বকুনি দিচ্ছেন। পরিস্থিতি বেগতিক দেখে রিঙ্কু সিং দ্রুত এগিয়ে এসে হার্দিককে সরিয়ে নিয়ে যান। তবে সেখানেই বিতর্কের শেষ হয়নি; অধিনায়ক সূর্যকুমার যাদবকেও দেখা যায় একই ভঙ্গিতে কুলদীপকে কড়া শাসন করতে। যদিও চলতি বিশ্বকাপে প্রথম সুযোগ পেয়ে ৩ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কুলদীপ, কিন্তু তাঁর মন্থর ফিল্ডিং নিয়ে খুশি হতে পারেননি দলের সিনিয়র সদস্যরা।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের বিরুদ্ধে এই ভুলের প্রভাব ম্যাচে না পড়লেও বড় টুর্নামেন্টের নক-আউট পর্বে এমন ক্যাচ ফস্কানো দলের জন্য মারাত্মক হতে পারে। সেই সতর্কবার্তা দিতেই মাঠের মধ্যে কুলদীপকে একহাত নিলেন হার্দিক ও সূর্য। জয় ছাপিয়ে এখন মাঠের এই উত্তপ্ত বাক্যবিনিময়ই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *