কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ঈশান ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ঈশান ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান

NEWS DESK : ২০২৬ টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিল ভারত। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ব্যাটে-বলে দাপট দেখিয়ে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করল টিম ইন্ডিয়া। ভারতের এই বিশাল জয়ের নেপথ্যে প্রধান কারিগর ছিলেন ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। ব্যাটিং সহায়ক উইকেট না হওয়া সত্ত্বেও শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন তিনি। মাত্র ৪০ বলে ১৯২.৫০ স্ট্রাইক রেটে ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ঈশান। তার এই ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি বিশাল ছক্কা।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খোলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ ঈশান কিষান। তিনি জানান, শুরুর দিকে ব্যাটিং করা সহজ ছিল না, তবে নিজের সামর্থ্যের ওপর ভরসা রেখেছিলেন তিনি। বলের মান বিচার করে গ্যাপ খুঁজে রান বের করাই ছিল তার মূল লক্ষ্য। ইনিংসের শুরুতেই ১৬০-১৭০ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাটিং করছিলেন বলে জানান এই তারকা ক্রিকেটার। চাপের মুখেও অবিচল থেকে বড় শট খেলে দলের বড় স্কোর নিশ্চিত করেন তিনি।

পাকিস্তান বনাম ভারত লড়াইয়ের গুরুত্ব বুঝিয়ে ঈশান বলেন, এই ম্যাচটি জেতা দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। শাহিন আফ্রিদিরা শুরুতে সুইং না পেলেও ভারতীয় বোলাররা নতুন বলে দুর্দান্ত পারফর্ম করেছেন। বোলারদের সম্মিলিত প্রচেষ্টাতেই পাকিস্তানকে অল্প রানে আটকে রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। এই জয় চলতি বিশ্বকাপে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দলের এই দাপুটে পারফরম্যান্স ক্রিকেট মহলে প্রশংসা কুড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *