ভ্যালেন্টাইনস ডে-তে হঠাৎ কী হল? ২৩১% লাফে চমকে দিল OYO-র ব্যবসা

NEWS DESK : প্রেমের মরসুমে মন্দা নয়, বরং রেকর্ড ব্যবসায় লক্ষ্মীলাভ করল হোটেল বুকিং সংস্থা ওআইও (OYO)। চলতি বছর ভ্যালেন্টাইনস ডে সপ্তাহের মাঝামাঝি কর্মদিবসে পড়লেও, গত বছরের তুলনায় বুকিংয়ের হার একলাফে বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। তালিকায় সকলকে চমকে দিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে উত্তরপ্রদেশের বৃন্দাবন, যেখানে বুকিং বৃদ্ধির হার আকাশছোঁয়া—প্রায় ২৩১ শতাংশ। তীর্থনগরীর এই অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু (৫১ শতাংশ) এবং তৃতীয় স্থানে হায়দ্রাবাদ (৪৭ শতাংশ)।
ভারতের অন্যান্য মেট্রো শহরগুলিতেও যুগলদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ওআইও-র রিপোর্ট অনুযায়ী, পুনেতে ৪৫ শতাংশ, কলকাতায় ৩৮ শতাংশ এবং চেন্নাইয়ে ৩৫ শতাংশ বুকিং বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, পর্যটকদের পছন্দের ধরনেও বদল এসেছে। সমুদ্রসৈকতের চেয়ে পাহাড়ের প্রতি টান বাড়ছে ভ্রমণপিপাসুদের। পাশাপাশি, আগে যেখানে পর্যটকরা গড়ে ২ দিনের জন্য রুম বুক করতেন, ২০২৩ সালে সেই সময়সীমা বেড়ে দাঁড়িয়েছে ৪ দিনে।
ব্যবসার এই রমরমার মাঝেই গ্রাহক পরিষেবায় বাড়তি জোর দিয়েছেন সংস্থার সিইও রীতেশ আগরওয়াল। সমাজমাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি গ্রাহকদের কাছ থেকে সরাসরি মতামত ও অভিযোগ জানতে চেয়েছেন। ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রেখে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য একটি বিশেষ ফিডব্যাক পেজও চালু করেছে সংস্থাটি। মূলত গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়েই আগামীর পথচলা আরও মসৃণ করতে চাইছে এই স্টার্টআপ জায়ান্ট।