স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে বিজেপি নেতার বাড়ির সামনে ধরনায় প্রেমিকা, তোলপাড়

NEWS DESK : উত্তরপ্রদেশের মুরাদাবাদে এক প্রাক্তন বিজেপি মন্ডল সভাপতির বাড়ির সামনে বিয়ের দাবিতে এক মহিলার ধরনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কুন্দেরকি থানার নানপুর গ্রামের এই ঘটনায় ওই মহিলার অভিযোগ, সংশ্লিষ্ট বিজেপি নেতা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি মন্দিরে নিয়ম মেনে বিয়ে করলেও এখন তিনি তাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছেন বলে দাবি করেছেন ওই মহিলা।
বিজেপি নেতার বাসভবনের সামনে অবস্থানকালে ওই মহিলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্ত্রীর মর্যাদা না পেলে তিনি আত্মঘাতী হবেন। এই হাই-ভোল্টেজ ড্রামা দেখতে গ্রামের সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আশ্বস্ত করার চেষ্টা করে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, উভয় পক্ষকে থানায় ডেকে পাঠানো হয়েছে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অভিযুক্ত বিজেপি নেতার সমর্থকরা এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন এবং সাজানো বলে দাবি করেছেন। তাদের মতে, নেতার ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। রবিবার রাত পর্যন্ত পুলিশ গ্রামে মোতায়েন ছিল এবং দুই পক্ষের বয়ান নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।