ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভিওয়াড়ির কেমিক্যাল ফ্যাক্টরি, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ৮

NEWS DESK : রাজস্থানের ভিওয়াড়িতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে খুশখেড়া শিল্পাঞ্চলে অবস্থিত ওই কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ কারখানার ভেতরে পর পর তিন থেকে চারটি প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়, যার তীব্রতা অনেক দূর পর্যন্ত অনুভূত হয়েছিল। মুহূর্তে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুনের লেলিহান শিখা কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় কারখানার ভেতরে প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত কর্মীরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। দাহ্য রাসায়নিক এবং কারখানায় মজুত থাকা প্রচুর পরিমাণ কাগজের কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অধিকাংশ শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হলেও, ৮ জন দুর্ভাগা শ্রমিক ভেতরে আটকা পড়ে যান এবং আগুনের গ্রাসে প্রাণ হারান। খবর পেয়ে দমকলের অন্তত ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশি তদন্তে প্রাথমিক অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকা ওই কারখানায় রাসায়নিকের পাশাপাশি বেআইনিভাবে বাজি তৈরির কাজ চলছিল বলেও অভিযোগ উঠছে। গস্ত চলাকালীন পুলিশ প্রথম আগুনের বিষয়টি টের পায় এবং উদ্ধারকাজ শুরু করে। এখনও একজন শ্রমিক কারখানার ভেতরে নিখোঁজ বলে জানা গেছে, যার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর মধ্যে বর্তমানে মাতম চলছে।