আগামী ৫ বছরেই কি শেষ হয়ে যাবে আইটি এবং বিপিও সেক্টর? টেক জায়ান্ট বিনোদ খোসলার বিস্ফোরক সতর্কবার্তা

আগামী ৫ বছরেই কি শেষ হয়ে যাবে আইটি এবং বিপিও সেক্টর? টেক জায়ান্ট বিনোদ খোসলার বিস্ফোরক সতর্কবার্তা

নয়াদিল্লি: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জয়জয়কার যত বাড়ছে, ততই ঘনিয়ে আসছে প্রথাগত চাকরির সংকট। এবার সেই আশঙ্কায় কার্যত সিলমোহর দিলেন প্রখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট বিনোদ খোসলা। ‘ইন্ডিয়া এআই সামিট’-এর প্রাক্কালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এক ভয়ঙ্কর অথচ বাস্তবধর্মী ভবিষ্যৎবাণী করেছেন। খোসলার মতে, আগামী ৫ বছরের মধ্যে প্রচলিত আইটি (IT) পরিষেবা এবং বিপিও (BPO) সেক্টর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে।

বিনোদ খোসলা মনে করেন, এআই-এর প্রভাব ইন্টারনেট বা স্মার্টফোন বিপ্লবের চেয়েও বহুগুণ গভীর হবে। তার দাবি, ২০৩৫ সালের মধ্যে অ্যাকাউন্টেন্সি, চিকিৎসা বিজ্ঞান, চিপ ডিজাইনিং এবং সেলসের মতো দক্ষতা-ভিত্তিক পেশাগুলোতে এআই মানুষকে ছাড়িয়ে যাবে। এর পরবর্তী ধাপে কায়িক শ্রমের ক্ষেত্রগুলোতেও জায়গা করে নেবে উন্নত রোবট। তবে এই মুদ্রার একটি উজ্জ্বল দিকও তিনি তুলে ধরেছেন। সঠিক সরকারি নীতি কার্যকর হলে এআই-এর মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক পরিষেবাগুলো প্রায় বিনামূল্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।

ভারতীয় তরুণ প্রজন্ম এবং নীতিনির্ধারকদের উদ্দেশে খোসলা এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি জানান, ভারতের এখন পুরনো ‘জব ক্রিয়েশন মডেল’ থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। শুধুমাত্র আইটি এবং বিপিও পরিষেবার ওপর নির্ভর না করে ভারতকে এআই-ভিত্তিক পণ্য ও প্রযুক্তির প্রধান রপ্তানিকারক দেশে পরিণত হতে হবে। ভবিষ্যতে টিকে থাকতে হলে ভারতীয় যুবকদের এই নতুন প্রযুক্তির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে উদ্ভাবন ও অর্থনৈতিক বিকাশের স্বার্থে বৈধ অভিবাসন নীতির গুরুত্বকেও তিনি প্রাধান্য দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *