১০ মাসের শিশুর অঙ্গদানে বাঁচল ৩ প্রাণ, কেরালায় একরত্তিকে গান স্যালুট দিয়ে বিদায় পুলিশের
February 16, 202612:54 pm

কেরালার ইতিহাসে কনিষ্ঠতম অঙ্গদাতা হয়ে নজির গড়ল মাত্র ১০ মাস বয়সী ছোট্ট আলিন শেরিন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এই একরত্তি শিশুর অঙ্গদানের সাহসী সিদ্ধান্ত নেন তার বাবা-মা। আলিনের লিভার, কিডনি ও চোখের সাহায্যে নতুন জীবন ফিরে পেয়েছে তিনটি শিশু।
গত ৫ ফেব্রুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল আলিন। চিকিৎসকরা তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করার পর শোকাতুর বাবা-মা অন্যের জীবন বাঁচাতে অঙ্গদানের পথে হাঁটেন। আলিনের লিভার দান করা হয়েছে ৬ মাসের এক শিশুকে এবং কিডনি প্রতিস্থাপিত হয়েছে ১০ বছর বয়সী এক কিশোরের দেহে।
এই মহৎ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেরালা পুলিশ আলিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অফ অনার’ প্রদান করে। বিদায়বেলায় স্বাস্থ্যমন্ত্রীসহ উপস্থিত সকলের চোখ ছিল সজল। নিজে চলে গেলেও আলিন এখন বেঁচে থাকবে অন্য তিন শিশুর হাসির মাঝে।