সড়ক দুর্ঘটনায় চিকিৎসার খরচ মেটাবে সরকার

সড়ক দুর্ঘটনায় চিকিৎসার খরচ মেটাবে সরকার

NEWS DESK : সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাণ বাঁচাতে এবং চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তা দূর করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। নতুন ‘PM RAHAT’ প্রকল্পের আওতায় এখন থেকে দুর্ঘটনায় আহত ব্যক্তিরা প্রথম ৭ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। গোল্ডেন আওয়ার বা দুর্ঘটনার পরবর্তী প্রথম এক ঘণ্টার মধ্যে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরিষেবার সুবিধা নিতে আহত ব্যক্তি বা প্রত্যক্ষদর্শী যে কেউ ১১২ নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন। এর ফলে দ্রুত অ্যাম্বুল্যান্স ও নিকটবর্তী হাসপাতালের ব্যবস্থা করা হবে। চোট গুরুতর না হলে ২৪ ঘণ্টা এবং প্রাণসংশয় থাকলে ৪৮ ঘণ্টা পর্যন্ত জরুরি পরিষেবা সহ মোট সাত দিনের চিকিৎসার খরচ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। পুরো প্রক্রিয়াটি eDAR এবং TMS 2.0 নামক দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে পুলিশ, হাসপাতাল এবং বিমা সংস্থাগুলো যুক্ত থাকবে।

চিকিৎসার এই বিপুল অর্থ আসবে ‘মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ফান্ড’ থেকে। গাড়ির বিমা থাকলে সেই সংস্থা খরচ মেটাবে, অন্যথায় কেন্দ্র সরকার সরাসরি সেই ব্যয়ভার বহন করবে। দাবি মঞ্জুর হওয়ার ১০ দিনের মধ্যে হাসপাতালকে প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলা শাসক বা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত জেলা সড়ক সুরক্ষা কমিটি এই প্রকল্পের তদারকি করবে। মূলত পরিবহন, স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু রোধ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *